স্কটল্যান্ডের ৭৮ বছর বয়সি গেমার ক্যাথ বোয়ি টুইচে সবচেয়ে বয়স্ক নারী ‘ফোর্টনাইট’ স্ট্রিমার হিসেবে বিশ্বরেকর্ড গড়েছেন। অনলাইনে ‘গ্রাম্পিগ্রান৪৮’ নামে পরিচিত ক্যাথ প্রায় নয় বছর ধরে নিয়মিত নিজের গেম খেলার সেশন সরাসরি সম্প্রচার করে আসছেন।
ফোর্টনাইটের সঙ্গে ক্যাথের পরিচয় হয় তার ১৭ বছর বয়সি নাতির মাধ্যমে। শুরুতে গেমটির প্রতি খুব একটা আগ্রহী না হলেও ধীরে ধীরে তিনি এতে আসক্ত হয়ে পড়েন। বয়সকে বাধা না মেনে নিয়মিত খেলতে খেলতে একপর্যায়ে তৈরি করেন নিজের আলাদা পরিচিতি।
ক্যাথ জানান, শুরুতে তার নাতিও বিশ্বাস করতে পারেনি যে তার দাদি এত ভালোভাবে গেম খেলতে পারবেন। নাতির মন্তব্যই তাকে আরও উৎসাহিত করে। তিনি বলেন, ‘ও বলেছিল, কেউ আমার সঙ্গে খেলবে না। এতেই আমার জেদ চেপে যায়। ওকে দেখাতে চেয়েছিলাম, আমিও পারি।’
অন্যান্য গেম খেললেও ফোর্টনাইটের প্রতি তার আকর্ষণ সবচেয়ে বেশি বলে জানান ক্যাথ। তাই নিজেকে শুধু ‘গেমার’ না বলে ‘ফোর্টনাইটার’ হিসেবে পরিচয় দিতেই বেশি পছন্দ করেন তিনি।
‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গেমারস এডিশন ২০২৭’-এ জায়গা পাওয়াকে নিজের দীর্ঘদিনের স্বপ্ন বলে উল্লেখ করেছেন ৭৮ বছর বয়সি এই নারী। তার মতে, এই অর্জন তার জন্য অত্যন্ত সম্মানের ও আনন্দের।

