আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ বিভিন্ন এলাকায় ঝড়ের কারণে ব্যাপক দুর্ভোগ তৈরি হয়েছে। এরই মধ্যে ঝড়ের কারণে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং হাজারো মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন।
‘নরইস্টার’ নামে পরিচিত এ ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বন্যার আশঙ্কা তৈরি হয়েছে। নিউইয়র্ক, নিউ জার্সি, কানেকটিকাট, ম্যাসাচুসেটস, রোড আইল্যান্ড ও পেনসিলভানিয়ায় ৬০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন বলে জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, ঝড়টি উত্তর-মধ্য আটলান্টিক ও দক্ষিণ নিউ ইংল্যান্ড উপকূলের কাছাকাছি অবস্থান করছিল। পরে এটি নিউ জার্সি ও লং আইল্যান্ডের দিকে অগ্রসর হওয়ার পূর্বাভাস দেওয়া হয়।
গাছ পড়ে নিহত ১
ঝোড়ো বাতাসে নিউইয়র্কের ব্রুকলিনে ৫৬ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রবল বাতাসে একটি গাছ তাঁর ওপর পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল উপকূলীয় এলাকার পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক বলে সতর্ক করেছেন। বিশেষ করে সমুদ্র ও পানির কাছাকাছি না যাওয়ার জন্য বাসিন্দাদের পরামর্শ দেওয়া হয়েছে।
বাড়তে পারে জলোচ্ছ্বাস ও বন্যা
পূর্ণিমার প্রভাবে চলতি সপ্তাহে মধ্য-আটলান্টিক উপকূলে একাধিক উচ্চ জোয়ারের সময় ঝড়ের জলোচ্ছ্বাস আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ। এর ফলে উপকূলীয় বিস্তীর্ণ এলাকায় বন্যার আশঙ্কা রয়েছে।
লং আইল্যান্ডে আগামী কয়েক দিনে প্রায় ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় ২০ ফুট বা প্রায় ৬ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
নিউইয়র্কের মেয়র জোরান মামদানিও বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, প্রচণ্ড বাতাসে বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে যেতে পারে। জরুরি প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
শত শত ফ্লাইট বাতিল
ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটেছে। শনিবার সকালে শত শত ফ্লাইট বাতিল করা হয়। শুধু বোস্টনের লোগান বিমানবন্দরেই ২৫৩টি ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্লাইট ট্র্যাকিং প্রতিষ্ঠান ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, পুরো অঞ্চলজুড়েই বিভিন্ন ফ্লাইট বিলম্বিত হয়েছে। জেটব্লু, ইউনাইটেড ও আমেরিকান এয়ারলাইনসসহ কয়েকটি বড় বিমান সংস্থা যাত্রীদের জন্য ভ্রমণ সতর্কতা জারি করেছে। তবে অতিরিক্ত কোনো ফি ছাড়াই ফ্লাইট পরিবর্তনের সুযোগ দেওয়া হচ্ছে।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উপস্থিত থাকায় ঝড়ের প্রভাব আন্তর্জাতিক কার্যক্রমেও পড়ছে। প্রবল বাতাসের কারণে জাতিসংঘ সদর দপ্তরের বাইরে সম্প্রচার সরঞ্জাম সরিয়ে নেওয়ার জন্য সংবাদমাধ্যমগুলোকে বলা হয়েছে।

