মার্কিন ভিসায় অনুমোদিত সময়ের বেশি দেশটিতে অবস্থান করলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা বা ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতার মুখে পড়তে হতে পারে বলে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ সতর্কতা জানানো হয়েছে বলে জানিয়েছে যুগান্তর।
দূতাবাসের বার্তায় বলা হয়েছে, একটি মার্কিন ভিসা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না। দেশটিতে প্রবেশের সময় একজন ভ্রমণকারী কতদিন অবস্থান করতে পারবেন, তা নির্ধারণ করেন বন্দরের দায়িত্বপ্রাপ্ত কাস্টমস অ্যান্ড বর্ডার প্রটেকশন (CBP) কর্মকর্তা। এই অনুমোদিত সময় সাধারণত ভিসার গায়ে থাকা মেয়াদের সঙ্গে এক নয়।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়—দুটি আলাদা বিষয়। প্রবেশের সময় দেওয়া অনুমোদিত সময়সীমা বা Form I-94 অনুযায়ী যুক্তরাষ্ট্র ত্যাগ করতে হয়। নির্ধারিত সময় পার করে অবস্থান করলে ব্যক্তি ‘out of status’ হিসেবে বিবেচিত হতে পারেন এবং তাঁর ভিসা ভবিষ্যতের জন্য বাতিল হয়ে যেতে পারে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে ভিসার জন্য অযোগ্য হওয়ার ঝুঁকি রয়েছে। পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ১৮০ দিন বা তার বেশি কিন্তু এক বছরের কম সময় অবৈধভাবে অবস্থান করলে দেশ ছাড়ার পর তিন বছরের জন্য এবং এক বছর বা তার বেশি সময় অবৈধভাবে অবস্থান করলে ১০ বছরের জন্য ভিসা অযোগ্যতা তৈরি হতে পারে।
দূতাবাসের সতর্কবার্তায় আরও বলা হয়েছে, ভিসার ধরন অনুযায়ী অনুমোদিত নয়—এমন কোনো কর্মকাণ্ডে জড়ালেও ভবিষ্যতে যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তাই ভিসার শর্ত এবং অনুমোদিত অবস্থানকাল যথাযথভাবে মেনে চলার দায়িত্ব ভিসাধারীর নিজের।
এদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্পষ্ট করে জানিয়েছে, ভিসা হাতে থাকলেই যুক্তরাষ্ট্রে প্রবেশ নিশ্চিত হয় না। প্রতিবার প্রবেশের সময় সীমান্ত কর্মকর্তা ভ্রমণকারীর প্রবেশ ও অবস্থানের শর্ত নির্ধারণ করেন।

