বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আল্লাহর আইন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাঁর দাবি, যেসব ইসলামী দল আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলে, তাদের মধ্যে জামায়াতে ইসলামী অগ্রগামী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকার একটি মিলনায়তনে সিলেট মহানগর জামায়াত আয়োজিত দুই দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সামাজিক ও মানবিক কর্মকাণ্ড বাড়ানোর আহ্বান
ডা. শফিকুর রহমান সংগঠনের দায়িত্বশীলদের মানুষের সঙ্গে আচরণে সম্মান ও মর্যাদা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, মানুষের সঙ্গে সম্মানজনক আচরণ এবং নৈতিক মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।
তিনি সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীদের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড আরও বাড়ানোর পাশাপাশি মানুষের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন।
ব্যবসায় স্বচ্ছতার ওপর গুরুত্ব
জামায়াত আমির বলেন, সংগঠনের জনশক্তিকে সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় হতে হবে। পাশাপাশি ব্যবসায়িক লেনদেনে শতভাগ স্বচ্ছতা বজায় রাখা এবং অবৈধ উপার্জন থেকে দূরে থাকার ওপরও তিনি জোর দেন।
তিনি সংগঠনের দায়িত্বশীলদের মানবিক গুণাবলি, নৈতিক মান, দক্ষতা ও নেতৃত্বের সক্ষমতা বাড়ানোর কথাও বলেন। মানুষের সুখ-দুঃখ ও প্রয়োজনের সঙ্গে সম্পৃক্ত হয়ে আস্থা অর্জনের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
রুকন শিক্ষাশিবিরে স্থানীয় নেতাদের বক্তব্য
সিলেট মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ওই শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলী।
এতে জামায়াতের সিলেট অঞ্চল টিমের সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমির হাফিজ মিফতাহউদ্দীন, ড. নূরুল ইসলাম বাবুল এবং জেলা নায়েবে আমির অধ্যাপক আব্দুল হান্নানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন।

