সিরাজগঞ্জের রায়গঞ্জে গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ১২টি পয়েন্টে বাঁশকল স্থাপন করে রাতের পাহারা জোরদার করা হয়েছে। সড়কের ওপর বাঁশের তৈরি এসব অস্থায়ী প্রতিবন্ধক প্রয়োজন অনুযায়ী সরিয়ে যানবাহন চলাচলের সুযোগ দেওয়া হচ্ছে।
এসব পয়েন্টে পুলিশ, গ্রাম পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করছেন। রাতে সন্দেহজনক যানবাহন ও ব্যক্তিদের ওপর নজরদারির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে।
গভীর রাতে বাঁশকল পরিদর্শন পুলিশ সুপারের
বুধবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার সোনাখাড়া ও ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত বাঁশকল পরিদর্শন করেন সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু।
এ সময় তিনি দায়িত্বে থাকা পুলিশ সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে কথা বলে পাহারা ও যানবাহন তল্লাশি কার্যক্রমের খোঁজ নেন।
স্থানীয়দের অংশগ্রহণে রাতের পাহারা
রায়গঞ্জ থানা সূত্রে জানা গেছে, উপজেলার জনগুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকায় এসব বাঁশকল স্থাপন করা হয়েছে। স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করে পরিচালিত এ পাহারা ব্যবস্থায় পুলিশ ও গ্রাম পুলিশের পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও দায়িত্ব পালন করছেন।
দায়িত্ব পালনকারীদের রাতের খাবারসহ প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে থানা পুলিশ। পরিদর্শনকালে পুলিশ সুপার তাঁদের সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
একই সঙ্গে তল্লাশির সময় সাধারণ মানুষের চলাচলে যাতে অযথা ভোগান্তি না হয়, সেদিকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।
নজরদারি অব্যাহত রাখার সিদ্ধান্ত
জেলা পুলিশ জানিয়েছে, গরু চুরি, চোরাচালানসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে এ ধরনের নজরদারি অব্যাহত থাকবে।

