অনলাইন রিপোর্ট
সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি না করে জনগণের দাবি ও জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুগুলো নিয়ে কাজ করার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ের পাশের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, সংসদে ফাইল ছোড়া, চেয়ার ছোড়া বা স্পিকারকে আক্রমণের মতো কোনো অসাংবিধানিক ও অসৌজন্যমূলক আচরণে তারা যেতে চান না। তাঁর মতে, এ ধরনের বিশৃঙ্খলা সমস্যার সমাধান করে না; তাই প্রয়োজন হলে জনগণের কাছে গিয়ে বিষয়গুলো তুলে ধরতে হবে।
তিনি অভিযোগ করেন, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা, শিশু ধর্ষণ ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির মতো বিভিন্ন বিষয়ে বিরোধী দলের দেওয়া নোটিশ একাধিকবার সংসদীয় আলোচনায় স্থান পায়নি।
জাতীয় সমস্যার সমাধানে বিরোধী দলের বিশেষজ্ঞদের নিয়ে একটি কারিগরি দল গঠনের প্রস্তাব দেওয়ার কথাও জানান তিনি। সরকার তাদের পরামর্শ গ্রহণ না করলে জনগণের কাছে যাওয়াই বিকল্প বলে মন্তব্য করেন শফিকুর রহমান।
জামায়াতের আমির বলেন, দলটি দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করতে চায়। একইসঙ্গে রাষ্ট্র পরিচালনায় ‘শাসকের মানসিকতা’র পরিবর্তে জনগণের সেবার মানসিকতার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি।
সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন
মতবিনিময়ে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন শফিকুর রহমান। তিনি বলেন, অদৃশ্য চাপ থাকলে গণমাধ্যমকে পুরোপুরি স্বাধীন বলা যায় না।
তিনি সাংবাদিকদের নিজ নিজ প্রতিষ্ঠানের অনিয়ম ও বৈষম্যের বিষয়ও তুলে ধরার আহ্বান জানান। গণমাধ্যমকে রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে জবাবদিহির মধ্যে রাখার গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর বক্তব্যের অংশবিশেষ কেটে বিভ্রান্তিকরভাবে প্রচার করা হয় বলেও অভিযোগ করেন শফিকুর রহমান। সম্প্রতি জামায়াতের লংমার্চের সংবাদ কাভারেজ নিয়েও অসন্তোষ প্রকাশ করে তিনি দলটির কর্মসূচির যথাযথ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।
