জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীরা এতে অংশ নেন।
এর আগে একই দিন সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া স্বাগত প্রাতঃরাশে অংশ নেন। সেখানে বিভিন্ন দেশের বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং ফটোসেশনে অংশ নেন তাঁরা।
নিউইয়র্কে প্রধানমন্ত্রীর সফরসূচিতে একাধিক উচ্চপর্যায়ের বৈঠক ও কূটনৈতিক কর্মসূচি রয়েছে। ২২ সেপ্টেম্বর তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং হাইতির প্রধানমন্ত্রী আলিক্স দিদিয়ে ফিস-এমের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গেও তাঁর বৈঠক হয়।
রোহিঙ্গা সংকট নিয়েও প্রধানমন্ত্রীর সফরে গুরুত্ব দেওয়া হচ্ছে। জাতিসংঘের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে তাঁর বক্তব্য দেওয়া। এটি প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘে তাঁর প্রথম ভাষণ এবং নির্ধারিত সূচি অনুযায়ী তিনি বাংলায় বক্তব্য দেবেন।
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এ সময়ে বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দেশের সরকারপ্রধান ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে তাঁর আরও বৈঠক হওয়ার কথা রয়েছে।

