মানিকগঞ্জ সদর উপজেলায় হ্যালো বাইকের ব্যাটারি চুরির অভিযোগে ধরা পড়ার পর শ্বশুরের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তাকে লাথি মারার অভিযোগ উঠেছে জামাই রাসেলের (২৭) বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সিদ্দিক আলী (৪৮) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাত প্রায় ২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত সিদ্দিক আলী ওই এলাকার বাসিন্দা ও পেশায় অটোচালক ছিলেন। এ ঘটনায় রাসেলকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গভীর রাতে সিদ্দিক আলীর বাড়িতে হ্যালো বাইকের ব্যাটারি চুরি করতে গিয়ে পরিবারের সদস্যদের হাতে ধরা পড়েন রাসেল। এ নিয়ে শ্বশুরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল লাথি মারলে সিদ্দিক আলী মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানান, চিৎকার শুনে বাইরে এসে তিনি সিদ্দিক আলী ও রাসেলের মধ্যে কথা-কাটাকাটি দেখতে পান। পরে রাসেল লাথি দিলে সিদ্দিক আলী মাটিতে পড়ে যান।
নিহতের স্ত্রী রুনা বেগমের অভিযোগ, রাসেলের সঙ্গে আরও দুজন ছিলেন। তাদের একজনের নাম শাওন বলে তিনি জানিয়েছেন। তবে এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
মানিকগঞ্জ সদর থানার ওসি মনির হোসেন জানান, রাসেলকে আটক করা হয়েছে। স্থানীয়দের মারধরে আহত হওয়ায় তিনি পুলিশের হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

