নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচিত মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরেবাংলা নগর থানার আওতাধীন ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ফ্ল্যাটের একটি কক্ষে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মকে দেখা যায়।
ডিএমপির তেজগাঁও বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে সিআইডির ফরেনসিক টিমসহ সংশ্লিষ্ট সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো ঘটনা, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।
এর আগে জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গাজী নজরুল ইসলামের সঙ্গে এক তরুণীর ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। পরে গাজী নজরুল ইসলাম ওই তরুণীকে তার দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দেন। এ ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাকে দল থেকে বহিষ্কার করে।

