নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে নিযুক্ত বিদায়ী চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। ২০ সেপ্টেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ইয়াও ওয়েনের দায়িত্ব পালনকালে দুই দেশের সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে।
এ সময় দুই দেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী পর্যায়ে ‘টু প্লাস টু’ (2+2) প্রক্রিয়া চালুর বিষয়টিও তুলে ধরেন হুমায়ুন কবির।
বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে তাঁর তিন বছর নয় মাসের দায়িত্ব পালনের সময়কে সম্মানের বলে উল্লেখ করেন। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান।
বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় চীনের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশ্বাস দেন ইয়াও ওয়েন। তিনি জানান, চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসতে আগ্রহী।
সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির বিদায়ী চীনা রাষ্ট্রদূতের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

