নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সংবিধান সংশোধন-সংক্রান্ত জাতীয় সংসদের বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার সিদ্ধান্তের কারণ জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে জোটের পক্ষ থেকে বিশেষ কমিটির মতবিনিময় সভায় অংশ না নেওয়ার কারণ এবং সংবিধান সংস্কার ইস্যুতে তাদের অবস্থান তুলে ধরা হবে।
জোটের নেতাদের বক্তব্য, গণভোটে জনগণ সংবিধান সংস্কারের পক্ষে মত দিয়েছে; সংবিধান সংশোধনের পক্ষে নয়। তাদের দাবি, গণভোটের রায়ের পর সংবিধান সংশোধনের জন্য বিশেষ কমিটি গঠন বর্তমান প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণেই ১১ দলীয় জোটের সংশ্লিষ্ট দলগুলো বিশেষ কমিটির মতবিনিময়ে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আজকের সংবাদ সম্মেলনে বিশেষ কমিটির কার্যক্রম নিয়ে জোটের আপত্তি, গণভোটের রায় এবং সংবিধান সংস্কার বিষয়ে তাদের বিস্তারিত অবস্থান তুলে ধরার কথা রয়েছে।

