কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টার দিকে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি করেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, মামলায় আসামিদের নাম উল্লেখ করা হয়নি। তাদের অজ্ঞাত হিসেবে দেখানো হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় অপ্রতিম। নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটিও উদ্ধার করে পুলিশ।
রোববার সকালে কুমিল্লার কোটবাড়ির গন্ধমতী এলাকার বাসা থেকে শেষবারের মতো অপ্রতিমের মরদেহ বের করা হয়। পরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে প্রথম জানাজা এবং গন্ধমতী ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে, অপ্রতিম হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে ঘটনাটি নিয়ে সংবাদ সম্মেলন করার কথাও জানানো হয়েছে।

