নিজস্ব প্রতিবেদক
পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরোধী দল বিভিন্নভাবে অসহযোগিতা করে আসছে। তাঁর দাবি, এই রাজনৈতিক বিরোধিতার কারণেই কেউ কেউ আগামী ডিসেম্বরে আসতে চায়।
শনিবার (১৯ সেপ্টেম্বর) লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকায় জিল্লুর রহিম কলেজ প্রাঙ্গণে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প, চক্ষু ক্যাম্প ও ওষুধ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ্যানী বলেন, সরকার শপথ নেওয়ার দিন থেকেই বিরোধী দল সহযোগিতা না করে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে চাপ সৃষ্টি করছে। তাঁর ভাষ্য, বিরোধী দল লংমার্চের মতো কর্মসূচি না নিলে কেউ কেউ বর্তমান সুযোগ তৈরি করতে পারত না।
বিরোধী দলের রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, সংসদে বিরোধী দলের বক্তব্য একরকম হলেও সংসদের বাইরে তাদের কর্মকাণ্ড ভিন্ন। ঢাকা থেকে রংপুর ও এর আগে ঢাকা থেকে চট্টগ্রামমুখী লংমার্চের প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন করেন, ছয় মাসে দেশের সব গ্যাস, বিদ্যুৎ ও তেলের সমস্যা সমাধান করা সম্ভব কি না।
তিনি আরও বলেন, লংমার্চ ও সড়ক কর্মসূচির কারণে তেল-জ্বালানি ব্যয়, যানজট ও সাধারণ মানুষের ভোগান্তির বিষয়টিও বিবেচনায় রাখা প্রয়োজন।
এ্যানীর বক্তব্য, বিরোধী দল ভবিষ্যতে ক্ষমতায় আসার চেষ্টা করছে। এ বিষয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, দেশের বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার আগে দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের মধ্য দিয়ে পরিস্থিতি তৈরি হয়েছে। তাঁর মতে, ৫ আগস্টের ঘটনাও হঠাৎ করে ঘটেনি; এর আগে শিক্ষার্থী ও তরুণদের বিভিন্ন আন্দোলন সেই পরিস্থিতি তৈরি করেছিল।
এদিকে শনিবার জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা–রংপুর লংমার্চ মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়েছে। জোটের পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক ও জনস্বার্থসংশ্লিষ্ট দাবি তুলে এই কর্মসূচি পালন করা হচ্ছে।

