নিজস্ব প্রতিবেদক
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ও সাবেক মন্ত্রী কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, বর্তমান সরকার বিএনপির সরকার নয়, এটি শেখ হাসিনার সরকারের মতোই চলছে। একই সঙ্গে দেশে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ করা হচ্ছে বলেও জানান তিনি।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা–রংপুর লংমার্চের উদ্বোধনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন অলি আহমেদ।
অলি আহমেদ বলেন, বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ক্ষমতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তাঁর দাবি, ক্ষমতা থেকে সরে গেলে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাস্তানি বন্ধ হয়ে যাবে। এ প্রসঙ্গে তিনি তারেক রহমানকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন ও দেশকে ‘সঠিক পথে’ আনার লক্ষ্যে তাঁরা লংমার্চ করছেন। কোনো ধরনের ব্যক্তিগত বা ক্ষমতার স্বার্থে নয়, ঐক্যবদ্ধভাবে কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
অলি আহমেদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পক্ষের বক্তব্য বা মন্তব্যে বিভ্রান্ত না হয়ে নির্ধারিত লক্ষ্য অর্জনে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
১১ দলীয় ঐক্যের ওই সমাবেশে জোটভুক্ত বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন। একই কর্মসূচির অংশ হিসেবে রংপুরের উদ্দেশে লংমার্চ শুরু হয়।

