আন্তর্জাতিক ডেস্ক
উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। আবহাওয়া অনুকূল থাকলে এটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ এবং পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আর্নব’, যে নামটি দিয়েছে বাংলাদেশ।
ভারতের আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) পূর্বাভাস অনুযায়ী, ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে উত্তর আন্দামান সাগরে লঘুচাপ তৈরি হতে পারে। এরপর সিস্টেমটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী ৩–৪ দিনের মধ্যে দক্ষিণ ওডিশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে যেতে পারে।
ইতোমধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ১৯ সেপ্টেম্বর অতি ভারী বৃষ্টি এবং পরদিন ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আইএমডি।
অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকাতেও বৃষ্টিপাত বাড়তে পারে। একই সঙ্গে ওডিশা, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনায় সতর্কতা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের কিছু এলাকাতেও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।
তবে বর্তমান পূর্বাভাস অনুযায়ী, সিস্টেমটি কোথায় আঘাত হানবে বা শেষ পর্যন্ত কতটা শক্তিশালী হবে, তা এখনো নিশ্চিত নয়। আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে এর গতিপথ ও শক্তি সম্পর্কে আরও স্পষ্ট পূর্বাভাস পাওয়া যাবে।
বিশ্ব আবহাওয়া সংস্থার তালিকা অনুযায়ী, উত্তর ভারত মহাসাগরে বাংলাদেশের প্রস্তাবিত নামগুলোর একটি হলো Arnab (আর্নব)। কোনো সিস্টেম ঘূর্ণিঝড়ের নির্ধারিত মাত্রায় পৌঁছালে সংশ্লিষ্ট নাম ব্যবহার করা হয়।

