নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর পল্লবী ও রূপনগরের ক্যাম্প ও বস্তি এলাকায় বিদ্যুৎ-সংযোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের অনিয়ম ও লেনদেন বন্ধে প্রতিটি ঘরে প্রিপেইড মিটার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। একই সঙ্গে পানির সংকট সমাধানে বিভিন্ন এলাকায় গভীর নলকূপ ও পানির পাম্প স্থাপনের কাজ চলছে বলেও জানান তিনি।
শুক্রবার সকালে রাজধানীর মিরপুর-১১ নম্বর সেকশনের সাংবাদিক কলোনির তালাত ক্যাম্পে পানি সরবরাহের বিভিন্ন অবকাঠামো এবং বিদ্যুৎ-সংযোগসংক্রান্ত কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমিনুল হক। এ সময় তিনটি গভীর নলকূপ ও পানির পাম্প, ২ হাজার লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক এবং মৃত ব্যক্তির গোসলের ঘর নির্মাণকাজের উদ্বোধন করা হয়। পাশাপাশি দুটি বৈদ্যুতিক ট্রান্সফরমার স্থাপনের কাজও শুরু করা হয়।
আমিনুল হক বলেন, পল্লবী ও রূপনগরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই পানির সংকট রয়েছে। ক্যাম্পবাসীসহ স্থানীয় মানুষের এই সমস্যা সমাধানে বিভিন্ন স্থানে গভীর নলকূপ স্থাপনের কাজ শুরু হয়েছে। সরকারি সহায়তার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ব্যক্তিগত উদ্যোগেও সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে।
বিদ্যুৎ-সংযোগের বিষয়ে তিনি বলেন, যেসব এলাকায় ট্রান্সফরমার নেই, সেসব স্থানে ডেসকোর মাধ্যমে ট্রান্সফরমার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্প ও বস্তি এলাকার প্রতিটি ঘরে পর্যায়ক্রমে প্রিপেইড মিটার দেওয়ার কার্যক্রমও শুরু হয়েছে।
আমিনুল হকের ভাষ্য, গত ১৭ বছর ধরে বিদ্যুৎ-সংযোগকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট কাজ করেছে। এই সিন্ডিকেট বন্ধ করতে প্রতিটি ঘরে প্রিপেইড মিটার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তাঁর দাবি, এতে বিদ্যুৎ-সংযোগের নামে বিভিন্ন ধরনের লেনদেন ও অনিয়ম বন্ধ করা সম্ভব হবে।
তিনি জানান, প্রিপেইড মিটার দেওয়ার জন্য ক্যাম্প এলাকায় ডিজিটাল নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করার পর পর্যায়ক্রমে প্রতিটি ঘরে মিটার স্থাপন করা হবে।
আমিনুল হক বলেন, মানুষের সমস্যা সমাধান করা রাজনৈতিক নেতা-কর্মীদের দায়িত্ব। শুধু সভা, মিছিল বা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে মানুষের কাছে গিয়ে তাঁদের সমস্যার কথা শুনতে হবে এবং সমাধানে উদ্যোগ নিতে হবে।
তিনি আরও বলেন, বিদ্যুৎ ও পানি মানুষের মৌলিক প্রয়োজন। এসব সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। দল-মতনির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি, পল্লবী থানা বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

