নিজস্ব প্রতিবেদক
দেশের গ্যাস সংকট মোকাবিলায় আরও ১৫০টি গ্যাসকূপ খননের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এলএনজি সরবরাহ সক্ষমতা বাড়াতে আরও তিনটি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সংবাদ সম্মেলনে সরকারের জ্বালানি খাতের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে তিনি এসব তথ্য জানান।
মাহদী আমিন বলেন, গ্যাস সংকটের স্থায়ী সমাধানে মধ্যমেয়াদে দেশের বিভিন্ন এলাকায় ১৫০টি নতুন গ্যাসকূপ খননের কার্যক্রম শুরু হয়েছে। পরবর্তী ধাপে আরও ১৫০টি কূপ খননের উদ্যোগ নেওয়া হবে।
বর্তমানে থাকা দুটি এলএনজি টার্মিনালের সঙ্গে আরও তিনটি টার্মিনাল যুক্ত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এর মধ্যে সম্ভব হলে ২০২৮ সালের আগেই তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ
দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা ও সক্ষমতা বাড়াতে চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণের কাজও এগিয়ে নেওয়া হচ্ছে। এ প্রকল্পে ১ বিলিয়ন ডলারের আন্তর্জাতিক অর্থায়ন পাওয়া গেছে বলে জানান মাহদী আমিন।
দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর পাশাপাশি নতুন এলএনজি অবকাঠামো গড়ে তোলাকে জ্বালানি সংকট মোকাবিলার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে সরকার। একই সময়ে সাম্প্রতিক সময়ে গ্যাস সরবরাহও কিছুটা বেড়েছে।
মুডিসের পূর্বাভাস ‘স্থিতিশীল’
বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘নেতিবাচক’ থেকে ‘স্থিতিশীল’ করাকে ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেন মাহদী আমিন।
তিনি বলেন, এই পরিবর্তনের ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ সম্পর্কে ইতিবাচক বার্তা তৈরি হতে পারে। তাঁর বক্তব্য অনুযায়ী, এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ বাড়ার সম্ভাবনাও তৈরি হবে।
প্রবাসী আয় ও শ্রমবাজার
গত ছয় মাসে দেশে প্রবাসী আয় ১৩ দশমিক ১০ শতাংশ বেড়েছে বলে জানান মাহদী আমিন। দক্ষতা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বিদেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের নতুন সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
ইতালিতে প্রতিবছর ১০ হাজার বাংলাদেশি কর্মীর বৈধভাবে যাওয়ার সম্ভাবনা এবং ওমানের কৃষি ও আধুনিক মৎস্য খাতে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরা হয়।
কৃষি উৎপাদনে সারের সরবরাহ
কৃষি উৎপাদন সচল রাখতে আগামী ফেব্রুয়ারি পর্যন্ত চাহিদার তুলনায় ১৫ লাখ ৬৮ হাজার মেট্রিক টন অতিরিক্ত সার সরবরাহ নিশ্চিত করার পরিকল্পনার কথা জানান মাহদী আমিন। সার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ চালুর উদ্যোগও রয়েছে বলে তিনি জানান।
সরকারের বিভিন্ন উদ্যোগ
সংবাদ সম্মেলনে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, নারী ও তরুণদের ক্ষমতায়ন, পরিবেশবান্ধব জ্বালানি, যোগাযোগ অবকাঠামো এবং সুশাসনসহ বিভিন্ন খাতে সরকারের পরিকল্পনা তুলে ধরা হয়।
মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের সংকট একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। তবে নির্ধারিত কর্মপরিকল্পনা অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন খাতে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

