আন্তর্জাতিক ডেস্ক
সৌদি আরবের জেদ্দা, মক্কা ও তাইফে সম্ভাব্য বিপদের আশঙ্কায় জরুরি সতর্কতা জারি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সৌদি সিভিল ডিফেন্সের ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কতা দেওয়া হয়।
সতর্কবার্তায় সবাইকে শান্ত থাকার পাশাপাশি নিরাপদ আশ্রয়ে অবস্থান করার আহ্বান জানানো হয়েছে। তবে কী ধরনের হুমকি বা বিপদের আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
কর্তৃপক্ষ জানিয়েছে, মানুষ যেন দ্রুত ঘরের ভেতরে বা নিরাপদ স্থানে আশ্রয় নেয় এবং জানালা, বারান্দা, ছাদ ও খোলা জায়গা থেকে দূরে থাকে। যারা বাইরে রয়েছেন, তাদের দ্রুত কোনো ভবনের ভেতরে প্রবেশ অথবা শক্ত কোনো স্থাপনার আড়ালে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া সেতু, উঁচু ভবন ও জনসমাগমপূর্ণ স্থান এড়িয়ে চলার জন্যও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে। সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে সবাইকে।
সৌদি আরবের এ সতর্কতা এমন এক সময়ে এসেছে, যখন ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা সামনে এসেছে। তবে নতুন এই জরুরি সতর্কতার সঙ্গে কোনো নির্দিষ্ট হামলার সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।
সূত্র: আনাদোলু এজেন্সি

