তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার বিকাশ ঘটিয়ে দেশে নতুন করে ক্রীড়াজাগরণ তৈরি করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
তিনি বলেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ এবং প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠারও পরিকল্পনা রয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, দেশের প্রতিটি উপজেলায় একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রকল্প ইতোমধ্যে চলমান রয়েছে। পাশাপাশি ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে পর্যায়ক্রমে ফুটবল মাঠ বা খেলার মাঠ তৈরি করা হবে।
জামালপুরে ফুটবল ম্যাচ দেখতে দর্শকদের ব্যাপক উপস্থিতির প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের মধ্যে ফুটবলের জনপ্রিয়তা এখনো অনেক বেশি। জামালপুরের মাঠে দর্শকদের উপস্থিতি তারই প্রমাণ।
তিনি আরও বলেন, জামালপুরের বিপুল দর্শক উপস্থিতির ভিডিও প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো হয়েছে। এ দৃশ্য প্রধানমন্ত্রীকেও আনন্দিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
জামালপুরকে ক্রীড়াবান্ধব জেলা হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, জেলা স্টেডিয়ামের অসম্পূর্ণ গ্যালারির কাজ দ্রুত শেষ করে তা পূর্ণাঙ্গ করার উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, দেশে খেলাধুলাকে ঘিরে যে নতুন জাগরণ তৈরি হয়েছে, সেটিকে কাজে লাগিয়ে ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য। তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় তৈরি করে দেশের ক্রীড়াক্ষেত্রকে আরও শক্তিশালী করা হবে।
ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলার উন্নয়নে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রয়োজনীয় ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার কথাও জানান প্রতিমন্ত্রী। তাঁর মতে, এসব উদ্যোগের মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মাঠমুখী করার পাশাপাশি নতুন প্রতিভা তুলে আনা সম্ভব হবে।

