চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে নৌকাডুবির পর স্রোতে ভেসে ভারতের জলসীমায় চলে যাওয়া ১০ বাংলাদেশিকে জীবিত উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় একজন এখনো নিখোঁজ রয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর ঘাট থেকে মাঝিসহ ১২ জনকে নিয়ে মোটরচালিত নৌকাটি জহুরপুরটেক গ্রামের উদ্দেশে রওনা হয়। পথে পদ্মা নদীর ঢেউয়ের মধ্যে নৌকাটি ডুবে যায়।
এ সময় মো. ওয়াসিম (২৩) সাঁতরে নদীর তীরে উঠতে সক্ষম হন। আরেকজন নিখোঁজ হন। বাকি ১০ জন স্রোতে ভেসে ভারতের জলসীমায় চলে যান। পরে বিএসএফের টহলরত স্পিডবোট তাদের জীবিত উদ্ধার করে।
ঘটনার পর বিকেলে বিএসএফ চাঁপাইনবাবগঞ্জের বাখের আলী ও ফরিদপুর বিজিবি বিওপির কমান্ডারদের বিষয়টি জানায়। পরে রাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের মাধ্যমে বিএসএফ উদ্ধার করা ১০ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করে।
বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান জানান, উদ্ধার হওয়া ব্যক্তিরা পরস্পরের আত্মীয়। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের স্বজন মো. ইসমাইল হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা সবাই সুস্থ রয়েছেন।
উদ্ধার হওয়া ১০ জন হলেন—মো. রাসেল, মো. ইব্রাহিম, সওদাগর, মো. ইব্রাহিম, সাখিনা, নিলুফা, তানিয়া, তার ২০ দিনের শিশুসন্তান তানিশা খাতুন, সানাউল্লাহ ও আল আমিন। তারা সবাই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুর গ্রামের বক্রীপাড়া এলাকার বাসিন্দা।
নৌকায় থাকা একই গ্রামের মো. মোস্তফা এখনো নিখোঁজ রয়েছেন। তার সন্ধানে উদ্ধার অভিযান ও খোঁজখবর চলছে।

