কক্সবাজারের বিভিন্ন হোটেল ও রিসোর্টে পুলিশ বক্স নির্মাণের কথা বলে চাঁদাবাজির অভিযোগে একটি প্রতারক চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার যুবকের নাম জিয়াবুল হক। বুধবার (৯ সেপ্টেম্বর) কক্সবাজার পৌরসভার সৈকতপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১০টি মোবাইল ফোন ও তিনটি চেকবই জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত চক্রটির সদস্যরা কক্সবাজার শহরের কয়েকটি তারকা হোটেল ও রিসোর্টে যান। এর মধ্যে সি-গাল হোটেল, হোটেল সাম্পান ও হোটেল কক্স টুডেসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে।
চক্রের সদস্যরা নিজেদের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতেন। পর্যটন এলাকার বিভিন্ন স্থানে স্থায়ী পুলিশ বক্স নির্মাণের জন্য অর্থ প্রয়োজন বলে জানিয়ে তারা প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে টাকা আদায় করতেন।
এ ঘটনায় ৫ সেপ্টেম্বর কক্সবাজার সদর থানায় একটি মামলা করা হয়।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার জিয়াবুল হককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

