চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় GPA-5 পাওয়া শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে ‘শিখো-প্রথম আলো GPA-5 কৃতী সংবর্ধনা ২০২৬’। রোববার সকালে নগরের ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্কে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই ভিড় করেন কৃতী শিক্ষার্থীরা।
ফয়’স লেকের প্রবেশপথে শিক্ষার্থীদের দীর্ঘ সারি দেখা যায়। কেউ বন্ধুদের সঙ্গে ছবি তুলছেন, কেউ বিভিন্ন রাইডে চড়ছেন, আবার কেউ ভিআরসহ বিনোদনের নানা আয়োজন উপভোগ করছেন। পুরো এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ।
বাংলাদেশ মহিলা সমিতি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে GPA-5 পাওয়া তাসফিয়া জান্নাত বন্ধুদের সঙ্গে অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, ফল প্রকাশের পর ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন আরও দৃঢ় হয়েছে। অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনে অনুপ্রাণিত হওয়ার আশাও প্রকাশ করেন তিনি।
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪ জেলায় ধাপে ধাপে GPA-5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এবারের আয়োজনের প্রথম পর্ব শুরু হয়েছে চট্টগ্রাম দিয়ে।
প্রথম আলোর উদ্যোগে এবং ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় আয়োজিত এ অনুষ্ঠানে চট্টগ্রাম পর্বে ৬ হাজার ৫০০-এর বেশি শিক্ষার্থী নিবন্ধন করেছেন।
দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থীদের জন্য ফয়’স লেক পার্ক ঘুরে দেখার সুযোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিশিষ্ট ব্যক্তি ও তারকাদের সঙ্গে কথা বলার ব্যবস্থা রাখা হয়েছে।
দুপুর ১টা ৩০ মিনিটে শুরু হবে মূল সংবর্ধনা অনুষ্ঠান। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হওয়ার পর শিক্ষাবিদ, শিক্ষক ও গবেষকদের পাশাপাশি এভারেস্টজয়ী পর্বতারোহী এম এ মুহিত ও বাবর আলী বক্তব্য দেবেন। এ ছাড়া অভিনেতা তৌসিফ মাহবুব, খায়রুল বাশার ও অভিনেত্রী কেয়া পায়েল অংশ নেবেন। ব্যান্ডদল তিরন্দাজ ও সংগীতশিল্পী তানভীর ইভান পরিবেশন করবেন গান।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ফল ১০ আগস্ট প্রকাশিত হয়। প্রকাশিত ফলে পাসের হার ছিল ৫৯ দশমিক ৪৮ শতাংশ। তখন GPA-5 পেয়েছিলেন ৯ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী। পরে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের পর আরও ৮৩ জন GPA-5 পাওয়ায় এ সংখ্যা দাঁড়িয়েছে ৯ হাজার ৭৮১ জনে।

