বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণায় এক মাস ধরে অপেক্ষা চলছে। বর্তমান সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বিদায় নেওয়ার প্রস্তুতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিদায়বার্তাও দিয়েছিলেন। নতুন নেতৃত্বের সম্ভাব্য নাম বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছালেও এখনো কমিটি ঘোষণা হয়নি।
সংশ্লিষ্ট বিএনপি ও ছাত্রদল নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন নেতৃত্ব বাছাইয়ে তরুণদের প্রাধান্য দেওয়া হবে, নাকি দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে থাকা অভিজ্ঞ নেতাদের সামনে আনা হবে—এ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দলীয় সূত্রগুলো বলছে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া থেমে নেই। তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে কমিটি গঠনের চেষ্টা চলছে। এ ক্ষেত্রে সাম্প্রতিক ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রদলের ফলাফল, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখার সক্ষমতাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রথম দিকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের পরিকল্পনা ছিল। পরে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মানসিকতা, প্রত্যাশা ও রাজনৈতিক প্রয়োজন বিবেচনায় নিয়ে নেতৃত্ব নির্বাচনের পরামর্শ দেওয়া হয়। এর পরই সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
দলীয় নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, ছাত্রদলকে আরও তরুণমুখী করার পক্ষে মত রয়েছে। তবে দীর্ঘদিন প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতে মাঠে থাকা অভিজ্ঞ নেতাদেরও পুরোপুরি বাদ না দেওয়ার বিষয়ে মত এসেছে। তাঁদের আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাও বিবেচনায় রাখা হচ্ছে।
নতুন নেতৃত্ব বাছাইয়ে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ছাত্রসংসদ নির্বাচনও গুরুত্ব পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বড় বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির-সমর্থিত প্রার্থীরা ভালো ফল করলেও ছাত্রদলের ফল তুলনামূলক দুর্বল ছিল। ফলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে সংগঠনের গ্রহণযোগ্যতা বাড়াতে সক্ষম এমন নেতৃত্ব আনার বিষয়েও আলোচনা চলছে।
এ ছাড়া নতুন কমিটিতে সাংগঠনিক শৃঙ্খলা, দলীয় নির্দেশনা বাস্তবায়নের সক্ষমতা এবং সম্ভাব্য নেতাদের অতীত রাজনৈতিক পরিচয় যাচাইয়ের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ছাত্রদলের বর্তমান কমিটি ২০২৪ সালের ১ মার্চ গঠিত হয়েছিল এবং সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটির মেয়াদ দুই বছর। সেই হিসাবে বর্তমান কমিটির মেয়াদ ২০২৬ সালের ১ মার্চ শেষ হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, নতুন কমিটি যেকোনো সময় ঘোষণা হতে পারে। তবে বিএনপির কয়েকটি সূত্র জানিয়েছে, তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের আগে কমিটি ঘোষণা হতে পারে; তা সম্ভব না হলে সফর শেষে ঘোষণার সম্ভাবনাও রয়েছে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বলেছেন, যত দ্রুত সম্ভব নতুন কমিটি হবে বলে তিনি আশা করছেন। নতুন কমিটি না হওয়া পর্যন্ত সংগঠনের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।

