রাজধানীর মিরপুরে এক ছাত্রদল নেতাকে মারধর ও অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত নেতা ফয়সাল আহমেদ মিরপুর থানার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। আর অভিযোগের শিকার তানজীব হোসেন মিশা মিরপুর থানার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য সচিব।
শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক চিঠিতে ফয়সালের বহিষ্কারাদেশ দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর বিএনপি নেতা হাজী দেলোয়ার হোসেন দুলুর অফিসে একটি সালিশকে কেন্দ্র করে তানজীব হোসেন মিশাকে মারধর করেন ফয়সাল। এ সময় অস্ত্র দেখিয়ে তাকে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। পরে ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ভিডিওটি ঢাকা মহানগর উত্তর বিএনপির শীর্ষ নেতাদের নজরে আসার পর ১০ সেপ্টেম্বর ফয়সালকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারাদেশের চিঠিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফয়সালকে ৪৮ ঘণ্টার সময় দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক বলেন, ছাত্রদল নেতাকে মারধরের অভিযোগে ফয়সালকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তার জবাব সন্তোষজনক না হওয়ায় তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

