আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিচারপতি জেবিএম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে আইনজীবী নুর নবী বুলবুল সাংবাদিকদের বিষয়টি জানান।
এর আগে গত ৭ সেপ্টেম্বর মুন্সিগঞ্জের শ্রীনগরের বাসিন্দা মো. আল আমিন রিট আবেদনটি করেন। রিটের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট ইউনুস আলী।
রিটের শুনানির সময় আওয়ামী লীগপন্থি কয়েকজন আইনজীবী আদালতে উপস্থিত হয়ে আবেদনটি প্রত্যাহারের অনুরোধ জানান। পরে হাইকোর্ট রিটটির শুনানি গ্রহণ না করে তা খারিজ করে দেন।
রিট আবেদনে ২০২৫ সালের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা সেই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করা হয়েছিল, যাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়।
ওই প্রজ্ঞাপন অনুযায়ী, বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের প্রকাশনা, গণমাধ্যম, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, মিছিল, সভা, সমাবেশ, সম্মেলনসহ সব ধরনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ থাকবে।

