নিজস্ব প্রতিবেদক
রাজধানীর গেন্ডারিয়ায় মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলির ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার ব্যক্তির নাম মোহাম্মদ শাহীন (৩৪)। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর সূত্রাপুর এলাকা থেকে র্যাব-১০-এর একটি দল তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া) তপন সরকার জানান, গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শাহীনকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গত ৩০ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে গেন্ডারিয়া থানার মুন্সিরটেক–করাতিটোলা মোড় এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়া এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
ঘটনার পর থেকেই সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল র্যাব। এরই ধারাবাহিকতায় শাহীনের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

