আন্তর্জাতিক ডেস্ক
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগের প্রভাব পড়েছে বিশ্ববাজারে। বুধবার (৯ সেপ্টেম্বর) প্রথমবারের মতো ২৪ জুলাইয়ের পর ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে।
সকালের লেনদেনে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ২ দশমিক ১৫ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ০৭ ডলারে উঠেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ৭০ ডলার বেড়ে ৯৪ দশমিক ৭৩ ডলারে পৌঁছেছে।
মধ্যপ্রাচ্যের সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেল সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে ইরান-সমর্থিত হুথিদের সৌদি আরবের জ্বালানি স্থাপনায় হামলার পর এই উদ্বেগ আরও তীব্র হয়েছে। হামলায় কয়েকটি তেল স্থাপনায় আগুন লাগার পাশাপাশি গুরুত্বপূর্ণ সমুদ্রপথে জাহাজ চলাচল ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘস্থায়ী হলে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের সরবরাহে চাপ তৈরি হতে পারে। এর ফলে তেলের দাম আরও বাড়ার ঝুঁকি রয়েছে।
ইতোমধ্যে কয়েকটি বড় আন্তর্জাতিক ব্যাংক অপরিশোধিত তেলের ভবিষ্যৎ দাম নিয়ে তাদের পূর্বাভাস বাড়িয়েছে। বাজার বিশ্লেষকদের মধ্যে আশঙ্কা রয়েছে, সরবরাহ পরিস্থিতির অবনতি হলে জ্বালানি বাজারে নতুন করে মূল্যবৃদ্ধি দেখা দিতে পারে।
তেলের দাম বাড়লে পরিবহন ও উৎপাদন ব্যয়ও বাড়তে পারে। এর প্রভাব শেষ পর্যন্ত বিভিন্ন পণ্য ও সেবার দামে পড়ে বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, আগস্টের শুরু থেকে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

