অর্থনৈতিক প্রতিবেদক
খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং খাতের সর্বশেষ প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে BAPA FoodPro International Expo 2026। তিন দিনব্যাপী এ প্রদর্শনী চলবে ১২ সেপ্টেম্বর পর্যন্ত।
রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে এবারের ১১তম আয়োজন। বাংলাদেশ অ্যাগ্রো-প্রসেসরস অ্যাসোসিয়েশন (বাপা) এবং রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেড (REEMS) যৌথভাবে প্রদর্শনীর আয়োজন করছে।
আয়োজকেরা জানিয়েছেন, প্রদর্শনীতে বাংলাদেশসহ ২৭টি দেশের ২০০টির বেশি ব্র্যান্ড অংশ নেবে। এতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও প্যাকেজিং খাতের ৪ হাজারের বেশি প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শিত হবে।
প্রদর্শনীতে খাদ্য প্রক্রিয়াজাতকরণ, ফিলিং, প্যাকেজিং, কোডিং, মান নিয়ন্ত্রণ, কোল্ড চেইন ও লজিস্টিকসের আধুনিক প্রযুক্তি তুলে ধরা হবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর অটোমেশন, রোবোটিকস এবং পরিবেশবান্ধব প্যাকেজিং প্রযুক্তিতে।
আয়োজকেরা জানান, বাপা ফুডপ্রোর পাশাপাশি একই ভেন্যুতে Food Ingredients Bangladesh Expo 2026-ও অনুষ্ঠিত হবে। সেখানে ফাংশনাল ফুড, নিউট্রাসিউটিক্যালস, বিকল্প প্রোটিন এবং টেকসই খাদ্য উপাদানের বিভিন্ন সমাধান প্রদর্শন করা হবে।
বাপার সভাপতি মাহবুব আনাম বলেন, বাংলাদেশের অ্যাগ্রো-প্রসেসিং ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতকে এগিয়ে নিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো জরুরি। এ ধরনের আয়োজনের মাধ্যমে ব্যবসায়ীরা নতুন প্রযুক্তি ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন।
প্রদর্শনীর আয়োজক কমিটির চেয়ারম্যান ও প্রাণ-আরএফএল গ্রুপের প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, বর্তমান ব্যবসায়িক অনিশ্চয়তার মধ্যে প্রতিষ্ঠানগুলো প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছে। বাপা ফুডপ্রো তাদের প্রয়োজনীয় প্রযুক্তি, অংশীদার ও শিল্প-সংশ্লিষ্ট তথ্য পাওয়ার সুযোগ তৈরি করবে।
প্রদর্শনীর পাশাপাশি প্রযুক্তি ও শিল্প খাত নিয়ে বিভিন্ন কারিগরি অধিবেশন, আঞ্চলিক সম্মেলন ও সেমিনার অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে শতাধিক বিশেষজ্ঞ বক্তা অংশ নেবেন।
আগামীকাল ও শুক্রবার সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। শেষ দিন ১২ সেপ্টেম্বর প্রদর্শনী চলবে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।

