বিনোদন ডেস্ক
ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। শিল্পীদের রাজনৈতিক পরিচয় দিয়ে বিচার না করে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বানও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে বাঁধনের ওপর হামলার প্রসঙ্গ তুলে ধরেন মৌসুমী হামিদ।
তিনি লেখেন, ‘কোনো শিল্পীর ওপর হামলাই কাম্য নয়। সেটা ৩২ নম্বরে হোক আর ইতালির ভেনিসেই হোক।’
মৌসুমী আরও বলেন, তিনি জীবনে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হননি। তবে দেশের ভালো-মন্দ পরিস্থিতি নিয়ে সবসময় কথা বলেছেন। তার ভাষ্য, বাঁধনের ওপর হামলার ঘটনায় যারা প্রতিক্রিয়া জানাচ্ছেন কিংবা বিভিন্ন ঘটনার সঙ্গে তুলনা করছেন, তাদের অবস্থানেও সামঞ্জস্য থাকা প্রয়োজন।
শিল্পীদের রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিচার করার প্রবণতার সমালোচনা করে মৌসুমী হামিদ বলেন, শিল্পী হওয়ার পাশাপাশি মানুষ হিসেবে একে অন্যকে মূল্যায়ন করার বিষয়টি ভুলে যাওয়া উচিত নয়।
এদিকে, গত ৭ সেপ্টেম্বর রাতে ইতালির ভেনিসের মেস্ত্রে এলাকায় বাঁধনকে হেনস্তা ও হামলার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একদল মানুষের সঙ্গে অভিনেত্রীর উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। পরে ফেসবুক লাইভে এসে বাঁধন ঘটনার বিস্তারিত জানান এবং নিজের ওপর হামলার অভিযোগ করেন।
ঘটনার পর বাঁধন ইতালিতে পুলিশের কাছে অভিযোগ করেছেন। ৯ সেপ্টেম্বরের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্থানীয় পুলিশের বিশেষ শাখা ডিগোস ঘটনাটি তদন্ত শুরু করেছে। বাংলাদেশ দূতাবাস ও মিলানে বাংলাদেশ কনস্যুলেটও তাকে আইনি সহায়তাসহ প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, বাঁধনের ওপর হামলার বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে।

