নিজস্ব প্রতিবেদক
ঢাকা
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করা ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। একই সঙ্গে বিএনপির ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে অনুপ্রবেশকারী ও অপরাধে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালি থানার ৩৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের সাংগঠনিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, জনগণের চাওয়া-পাওয়াকে ধারণ করে সুস্থ ও সঠিক রাজনীতি করতে হবে। ঢাকা-৬ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে এ এলাকার ১১টি ওয়ার্ডের দায়িত্ব তাঁর ওপর রয়েছে বলেও জানান তিনি।
তিনি বলেন, কিছুদিন আগে সদরঘাটে হত্যাকাণ্ডের মতো গর্হিত অপরাধ ঘটেছে। এসব অপরাধীকে চিহ্নিত করে তাদের লাগাম টেনে ধরতে হবে। যারা বিএনপির সুনাম ও জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে, তাদের কঠোরভাবে দমন করতে হবে।
চাঁদাবাজি, মাদক ও দখলের বিরুদ্ধে বিএনপির অবস্থান তুলে ধরে ইশরাক হোসেন বলেন, দলের পক্ষ থেকে এ বিষয়ে নিয়মিত নির্দেশনা দেওয়া হচ্ছে। তবে মাঠপর্যায়ের নেতাকর্মীরা সোচ্চার না হলে এসব নির্দেশনা বাস্তবায়ন কঠিন হবে।
তিনি আরও বলেন, দুষ্কৃতকারীদের চিহ্নিত করতে নিয়মিত নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করা হবে। তাঁর নির্বাচনি এলাকায় কোনো মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজের ঠাঁই হবে না। বিএনপির কোনো নেতাকর্মীর সঙ্গে এসব ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া গেলে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই সময়ে নবাববাড়ি পুকুরে মাছের পোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

