নিজস্ব প্রতিবেদক | পাবনা
পাবনার আটঘরিয়ায় বিএনপি নেতা মো. আদম আলীকে গুলি ও ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি ইরাজুল ইসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার রাতে নিহত আদম আলীর ছেলে শাহিন হোসেন বাদী হয়ে আটঘরিয়া থানায় মামলাটি করেন। মামলায় ১৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া আরও চার থেকে পাঁচজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
মামলার পর র্যাব ও পুলিশ অভিযানে নামে। মঙ্গলবার সকালে নিজ গ্রাম থেকে ইরাজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ইরাজুল ইসলামকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
যেভাবে হত্যা
নিহত মো. আদম আলী (৬০) একদন্ত ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এবং সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য ছিলেন। তাঁর বাড়ি ওই ইউনিয়নের সাতগাছা গ্রামে।
সোমবার বিকেলে স্থানীয় একদন্ত বাজার থেকে বাড়ি ফেরার পথে চণ্ডীপাশা গ্রামে একদল দুর্বৃত্ত তাঁর ওপর গুলি চালায়। গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে গেলে পরে তাঁকে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এর আগে ২০২৪ সালে একটি কিশোরী ধর্ষণ ও হত্যা মামলায় আদম আলীর বিরুদ্ধে মামলা হয়েছিল। তিনি ওই মামলায় প্রধান আসামি ছিলেন এবং জামিনে মুক্ত হয়ে বাড়িতে অবস্থান করছিলেন।
হত্যার কারণ অনুসন্ধানে পুলিশ
আটঘরিয়া থানার ওসি নাজমুল হোসেন বলেন, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। প্রধান আসামিকে জিজ্ঞাসাবাদ এবং অন্য আসামিদের গ্রেপ্তারের মাধ্যমে হত্যাকাণ্ডের কারণ বের করার চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

