নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় গুলিতে শুভ দাস (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার গভীর রাতে সিটি হকার্স মার্কেটের পেছনের একটি গলিতে এ ঘটনা ঘটে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রাত প্রায় ১টার দিকে গুলির ঘটনা ঘটে। খবর পেয়ে রাত সোয়া ১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে শুভর মরদেহ উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুভর মাথা ও বুকে গুলির আঘাত ছিল। তাঁর শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নও পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে পাঁচটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া মরদেহের পাশ থেকে ১০০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহত শুভর বিরুদ্ধে মাদকসংক্রান্ত অন্তত পাঁচটি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। ঘটনায় কয়েকজনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে এবং তাঁদের বিষয়ে তদন্ত চলছে।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুর রহমান জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

