আইফোন ব্যবহারকারীদের জন্য চ্যাট কাস্টমাইজ করার নতুন সুবিধা চালু করছে হোয়াটসঅ্যাপ। নতুন ‘চ্যাট থিম’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী চ্যাটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার পাশাপাশি অ্যানিমেটেড ওয়ালপেপারও ব্যবহার করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট WABetaInfo-এর প্রতিবেদনে বলা হয়েছে, নতুন চ্যাট থিমগুলো পাঁচটি বিভাগে সাজানো হয়েছে। এগুলো হলো—Featured, Nature, Live, Minimal ও Doodle।
Featured বিভাগে হোয়াটসঅ্যাপের ডিজাইন টিমের নির্বাচিত বিভিন্ন থিম থাকবে। Nature বিভাগে চ্যাটের পটভূমিতে প্রকৃতির বিভিন্ন দৃশ্য ব্যবহার করা যাবে। আর Live বিভাগে থাকবে অ্যানিমেটেড ওয়ালপেপার।
অ্যানিমেটেড ওয়ালপেপারগুলো সহজে চেনার জন্য থিমের থাম্বনেইলের ওপরের ডান দিকে ছোট ‘Live’ আইকন দেখা যাবে। Featured বিভাগের কোনো থিমে অ্যানিমেটেড ওয়ালপেপার থাকলেও একই আইকন প্রদর্শিত হবে।
Minimal বিভাগে থাকবে সাধারণ ও সাদামাটা চ্যাট ব্যাকগ্রাউন্ড। লাইট মোডে এর রং সাদা এবং ডার্ক মোডে কালো থাকবে। অন্যদিকে Doodle বিভাগে হোয়াটসঅ্যাপের পরিচিত ডুডল নকশার ওয়ালপেপার ব্যবহার করা যাবে।
হোয়াটসঅ্যাপ ধাপে ধাপে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন চ্যাট থিম সুবিধাটি চালু করছে। ফলে অ্যাপের সর্বশেষ সংস্করণ ব্যবহার করলেও সবাই একসঙ্গে এই সুবিধা নাও পেতে পারেন।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট 9to5Mac গত ১৩ আগস্ট হোয়াটসঅ্যাপের কোড বিশ্লেষণ করে নতুন থিম গ্যালারি নিয়ে আগাম তথ্য প্রকাশ করেছিল। এবার আইফোন ব্যবহারকারীদের জন্য সেই সুবিধা চালু করা হচ্ছে।
সূত্র: 9to5Mac, WABetaInfo

