নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের লোহাগাড়ায় মাছবোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা দুই তরুণ নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া ইউনিয়নের ঠাকুরদিঘীর দক্ষিণ পাশে সায়েরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার ফিরোজ আহমেদ ওরফে তৌহিদ (২৩) এবং মাহি পাটোয়ারী (২৪)।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, দুর্ঘটনার সময় হাইওয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলের কাছেই ছিল। ঘটনাস্থল থেকে ফিরোজের মরদেহ উদ্ধার করা হয়। আহত মাহি পাটোয়ারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে। তবে পিকআপ ভ্যানের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম মাহি পাটোয়ারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

