নিজস্ব প্রতিবেদক
গাজীপুর
গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকার দেউলিয়াবাড়িতে একটি ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রায় সোয়া চার ঘণ্টা চেষ্টা চালানোর পর বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে দেউলিয়াবাড়ি এলাকার বাচ্চু মিয়ার মালিকানাধীন ‘পলি গোডাউন’-এ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের আরও কয়েকটি ঝুটের গোডাউনে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে কোনাবাড়ী ফায়ার সার্ভিসের তিনটি এবং সারাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় সকাল পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
কোনাবাড়ী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, ভোর সাড়ে ৫টার দিকে আগুন লাগার খবর পেয়ে পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুন নিয়ন্ত্রণে আসার পরও পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে পুড়ে যাওয়া ঝুট সরিয়ে ডাম্পিংয়ের কাজ চলছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আশপাশে আগুন আবার ছড়িয়ে পড়ার ঝুঁকি কমাতে এ কার্যক্রম চালাচ্ছেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ বিষয়ে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে তদন্তের পর বিস্তারিত তথ্য পাওয়া যেতে পারে।

