গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে সুতিয়া নদীতে গোসল করতে গিয়ে একই স্কুলের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার বাপ্তা-বেলদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিক্ষার্থী হলো বেলদিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাব্বি (১১) ও একই গ্রামের রুহুল আমিনের ছেলে মুতাসিন (১১)। তারা দুজনই বাপ্তা-বেলদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় বাসিন্দা ও স্বজনদের বরাতে জানা গেছে, বুধবার সকালে বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শেষে রাব্বি, মুতাসিন ও তাদের কয়েকজন সহপাঠী বাড়ির কাছের সুতিয়া নদীতে গোসল করতে যায়।
নদীতে নামার পর একপর্যায়ে একজন পানিতে ডুবে যেতে থাকলে অন্যজন তাকে উদ্ধারের চেষ্টা করে পানিতে নামে। পরে দুজনই ডুবে যায়। সঙ্গে থাকা অন্য শিশুরা চিৎকার করে স্থানীয়দের খবর দেয়।
পরে স্থানীয়রা নদীতে নেমে খোঁজাখুঁজি করে দুই শিশুকে উদ্ধার করেন। দ্রুত তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। সহপাঠী ও শিক্ষকদের মধ্যেও নেমে আসে শোক।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম জানান, স্থানীয়দের কাছ থেকে দুই শিশুর নদীতে ডুবে যাওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাটি জানতে পারে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, বর্ষাকালে সুতিয়া নদীতে পানির গভীরতা ও স্রোত বেড়ে যায়। নদীর পাড়ের শিশুরা প্রায়ই সেখানে গোসল ও সাঁতার কাটে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে নদীর পাড়ে শিশুদের চলাচল ও গোসলের বিষয়ে নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

