নিজস্ব প্রতিবেদক
প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহি আরও কার্যকর করতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। নতুন নীতিমালার ভিত্তিতেই সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কার্যক্রম পরিচালিত হবে।
রোববার সকালে বরিশাল নগরের শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহিতা ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে। সেই নীতিমালার আলোকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের কার্যক্রম পরিচালনা করবেন এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে।
তিনি বলেন, প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ করছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন দ্রুত দৃশ্যমান করার লক্ষ্য রয়েছে সরকারের।
প্রতিমন্ত্রী আরও বলেন, একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে প্রাথমিক শিক্ষা পরিবারের প্রত্যেক সদস্যকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সরকারের শিক্ষা-সংক্রান্ত পরিকল্পনা বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায় প্রাথমিক শিক্ষার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। সেখানে শ্রেণি কার্যক্রম পরিচালনা, শিক্ষা কার্যক্রমের তদারকি, জবাবদিহি নিশ্চিত করা এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
নতুন নীতিমালা প্রণয়ন হলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা ও তদারকিতে আরও সুস্পষ্ট কাঠামো তৈরি হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
Read more:https://doinikreport.com/

