ঢাকা, ২৩ আগস্ট ২০২৬: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজে নতুন রূপে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী, মডেল ও ভ্লগার রুকাইয়া জাহান চমক।
চমকের ভ্লগ সিরিজ ‘ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক’-এর দ্বিতীয় মৌসুমের ১৯তম পর্বে উঠে এসেছে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক ভূমিকা। ‘বেগম খালেদা জিয়া’ শিরোনামের ওই পর্বে চমককে খালেদা জিয়ার পরিচিত পোশাক ও সাজে দেখা যায়।
ঢাকার জিয়া উদ্যানে ও একটি স্টুডিওতে ভিডিওটির শুটিং করা হয়। এতে চমককে হালকা রঙের প্রিন্টের শাড়ি, মুক্তার মালা ও সানগ্লাস পরতে দেখা যায়। তাঁর সাজ ও উপস্থিতিতে খালেদা জিয়ার পরিচিত অবয়ব ফুটে উঠেছে বলে মন্তব্য করেছেন অনেক দর্শক।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়া দেখা যায়। অনেকে চমকের সাজ, অভিনয় ও উপস্থাপনার প্রশংসা করেন। কেউ কেউ মন্তব্য করেন, তাঁকে খালেদা জিয়ার মতোই দেখতে লাগছে। আবার কয়েকজনের মতে, ভিডিওটি দেখতে গিয়ে মনে হয়েছে যেন পর্দায় খালেদা জিয়াকেই দেখা যাচ্ছে।
ভ্লগের ক্যাপশনে চমক খালেদা জিয়াকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ এবং দেশের রাজনৈতিক ইতিহাসের আপসহীন নেত্রী হিসেবে উল্লেখ করেন।
চলতি বছরের শুরুতে কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হওয়ার প্রত্যাশায় বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় আসেন চমক। ওই সময় তিনি বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার কথাও জানান।
রুকাইয়া জাহান চমক ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় রানারআপ হয়ে শোবিজে পরিচিতি পান। প্রায় তিন বছর বিরতির পর ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ে ফেরেন তিনি। ‘হায়দার’, ‘হাউস নম্বর-৯৬’, ‘মহানগর’, ‘সাদা প্রাইভেট’, ‘অসমাপ্ত’ ও ‘ভাইরাল হাজব্যান্ড’-এর মতো নাটক ও ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। অভিনয়ের পাশাপাশি বর্তমানে নিয়মিত ভ্লগিংও করছেন তিনি।
Read more news: doinikreport.com

