নয়াদিল্লি, ২৩ আগস্ট ২০২৬: ভারতের পূর্ব উপকূলের কাছে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার ঘটনায় ২২ জন নাবিক নিখোঁজ হয়েছেন। নিখোঁজদের মধ্যে একজন বাংলাদেশি ও ১৮ জন চীনা এবং তিনজন মিয়ানমারের নাগরিক রয়েছেন।
ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, ‘ওশান উইনার’ নামের জাহাজটিতে মোট ২৪ জন নাবিক ছিলেন। জাহাজটি ডুবে যাওয়ার পর দুই চীনা নাগরিককে উদ্ধার করা হয়েছে। বাকিদের সন্ধানে ভারতীয় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথভাবে অভিযান চালাচ্ছে।
উদ্ধার হওয়া দুই চীনা নাবিক জানিয়েছেন, শুক্রবার জাহাজটি একদিকে কাত হয়ে যেতে শুরু করে এবং মাত্র আট মিনিটের মধ্যে ডুবে যায়। এরপর নাবিকেরা জাহাজ ছেড়ে পানিতে ঝাঁপ দেন।
ভারতের মেরিটাইম প্রশাসনের মহাপরিচালক শ্যাম জগন্নাথন বলেন, সাধারণত ১২ ঘণ্টা পর জীবিতদের উদ্ধারের সম্ভাবনা দ্রুত কমে যায়। তবে নিখোঁজদের খুঁজতে অভিযান অব্যাহত রয়েছে।
ভারতীয় নৌবাহিনী জানিয়েছে, নিখোঁজ নাবিকদের সন্ধানে তারা কোস্টগার্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করছে। কোস্টগার্ডের পক্ষ থেকে শ্রী বিজয় পুরম (সাবেক পোর্ট ব্লেয়ার) থেকে দুটি জাহাজ উদ্ধার অভিযানে পাঠানো হয়েছে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘ওশান উইনার’ জাহাজটি ভারতের পূর্বাঞ্চলীয় পারাদীপ বন্দর থেকে শুক্রবার চীনের উদ্দেশ্যে লৌহ আকরিক নিয়ে যাত্রা করে। পরে বন্দর থেকে প্রায় ২৪০ নটিক্যাল মাইল দূরে জাহাজটি ডুবে যায়।
জাহাজটি কী কারণে ডুবে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিখোঁজ বাংলাদেশি নাবিকের পরিচয়ও তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

