বিনোদন ডেস্ক
‘স্পিরিট’ সিনেমা থেকে দীপিকা পাড়ুকোনের বাদ পড়ার কারণ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। কর্মঘণ্টা ও পারিশ্রমিক নিয়ে মতবিরোধের পাশাপাশি সিনেমার গল্প ও চরিত্রসংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগও নাকি তাঁর বাদ পড়ার অন্যতম কারণ ছিল।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন ‘স্পিরিট’-এর প্রযোজক ও পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ভাই প্রণয় রেড্ডি ভাঙ্গা। তাঁর দাবি, দীপিকার সঙ্গে সিনেমাটি নিয়ে দীর্ঘদিন আলোচনা চলেছিল এবং তিনি ছিলেন নির্মাতাদের প্রথম পছন্দ।
প্রণয়ের ভাষ্য, সিনেমায় আট ঘণ্টার শিফটে কাজ এবং পারিশ্রমিক নিয়ে দীপিকার কিছু দাবি ছিল। এ নিয়ে মতবিরোধ তৈরি হলেও সেটিই একমাত্র কারণ ছিল না। সিনেমার গল্প, চরিত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য বাইরে চলে যাওয়ায় নির্মাতারা আরও বেশি অসন্তুষ্ট হন।
তিনি জানান, দীপিকার সঙ্গে প্রায় দেড় বছর ধরে সিনেমাটি নিয়ে আলোচনা হয়েছিল। এ সময় গল্প ও চরিত্র নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়। পরে এসব তথ্য প্রকাশ্যে চলে আসায় নির্মাতারা বিষয়টি ভালোভাবে নেননি।
এর আগে পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার পক্ষ থেকেও দীপিকার বিরুদ্ধে ‘স্পিরিট’-এর চিত্রনাট্যসংক্রান্ত তথ্য ফাঁসের অভিযোগ উঠেছিল। তবে দীপিকার পক্ষ থেকে এ বিষয়ে নতুন করে কোনো বক্তব্য দেওয়া হয়েছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
এদিকে, দীপিকা ‘স্পিরিট’ থেকে সরে যাওয়ার পর সিনেমাটিতে তাঁর জায়গায় ত্রিপ্তি দিমরির নাম আলোচনায় আসে। সিনেমাটি ঘিরে শুরু থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।

