ঢাকার মিরপুরে অবৈধ ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ বিদ্যুৎ সংযোগের বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক মিরপুর বিভাগ, সংশ্লিষ্ট থানা পুলিশ ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে হাজী রোড, ঢাকা কমার্স কলেজ রোড, চিড়িয়াখানা রোড ও আল-কামাল হাউজিং এলাকায় ব্যাটারিচালিত রিকশার গ্যারেজগুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোট ৭০টি ব্যাটারি জব্দ করা হয়েছে। একই সঙ্গে ২৫টি অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
যাঁরা অভিযানে ছিলেন
অভিযানে ট্রাফিক মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ছানোয়ার হোসেন পিপিএম-বার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পরিত্রাণ তালুকদার, সংশ্লিষ্ট থানার পুলিশ সদস্য, ট্রাফিক মিরপুর বিভাগের সদস্য এবং ডেসকোর সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযানের কার্যক্রমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
অভিযান অব্যাহত রাখার ঘোষণা
ট্রাফিক মিরপুর বিভাগ জানিয়েছে, অবৈধ ব্যাটারিচালিত রিকশার বিস্তার রোধ, অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কর্তৃপক্ষের দাবি, সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে।

