
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট
শরীয়তপুরের জাজিরা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে রেজাউল শিকদার ও তার অনুসারীদের সঙ্গে তমিজ খাঁ ও তার সমর্থকদের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরে সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে উভয় পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে এলাকায় ৩০ থেকে ৪০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে রেজাউল শিকদারের সমর্থক মান্নান সরদার গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
একই ঘটনায় তমিজ খাঁর সমর্থক রিপন মোল্লা গুরুতর আহত হন। বিস্ফোরণের আঘাতে তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোমান বাদশাহ জানান, বিস্ফোরণে আহত দুইজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজন মারা গেছেন এবং অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
এদিকে অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, সংঘর্ষে একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
