
নিজস্ব প্রতিবেদক | দৈনিক রিপোর্ট
খুলনা নগরীতে দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস। হামলাকারীরা তাকে মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যার পর নগরীর ফরাজীপাড়া এলাকার আকবর স্টোরের সামনে এ ঘটনা ঘটে।
আহত কর্মকর্তা জানান, বাজার শেষে দোকান থেকে বের হওয়ার পরপরই ৫ থেকে ৬ জনের একটি দল তাকে ঘিরে ফেলে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা এলোপাতাড়ি মারধর শুরু করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন।
তার চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে অনিন্দ্য কুমার দাস বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে কী কারণে তার ওপর হামলা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগ পাওয়ার পর হামলাকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
