
আন্তর্জাতিক ডেস্ক | দৈনিক রিপোর্ট
প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের তৃতীয় বছরে প্রবেশের আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি–এর সঙ্গে বৈঠকে বসেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি, অর্থনীতি এবং নিরাপত্তা সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বৈঠকে জনগণের জীবনমান উন্নয়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত করা এবং চলমান বিভিন্ন জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল নিয়ে মতবিনিময় করেন দুই শীর্ষ নেতা।
আলোচনায় বর্তমান নিরাপত্তা পরিস্থিতি, চলমান যুদ্ধাবস্থা এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ও গুরুত্ব পায়। পাশাপাশি সামরিক সক্ষমতা, রাষ্ট্রীয় সম্পদের সুষ্ঠু ব্যবহার, বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা, রিয়ালের স্থিতিশীলতা এবং জ্বালানি খাতে কার্যকর পরিকল্পনার মাধ্যমে সরকারি ব্যয় নিয়ন্ত্রণের বিষয়েও আলোচনা হয়।
এ ছাড়া আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়েও মতবিনিময় হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, মাসুদ পেজেশকিয়ান ২০২৪ সালের ২৮ জুলাই ইরানের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। দায়িত্ব গ্রহণের পর তাঁর শাসনামলের প্রথম দুই বছরে দেশে সরকারবিরোধী আন্দোলনের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনাও বৃদ্ধি পায়।
চলতি বছরের ফেব্রুয়ারিতে শুরু হওয়া বৃহৎ সামরিক সংঘাতের পর ইরানের শীর্ষ নেতৃত্বে পরিবর্তন আসে। ওই সংঘাতের পর আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি দেশের সর্বোচ্চ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করেন।
