
দৈনিক রিপোর্ট ডেস্ক:
গাইবান্ধার সাঘাটা উপজেলায় বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ইসলামি ছাত্রশিবিরের কর্মী সালাউদ্দিন (২৬) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার সকালে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ছাত্রশিবিরের জেলা পর্যায়ের এক সাবেক নেতা।
এর আগে গত ২১ জুন সাঘাটার বোনারপাড়া এলাকায় সংঘটিত ওই হামলায় গুরুতর আহত হন সালাউদ্দিন। একই ঘটনায় ঘটনাস্থলের কাছেই বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ বারী নিহত হন।
স্থানীয় সূত্র জানায়, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়। পরে স্থানীয়ভাবে বিষয়টি আপাতভাবে মীমাংসা হলেও কিছু সময় পর বোনারপাড়া চৌমাথা এলাকায় পুনরায় উত্তেজনা দেখা দেয়। এ সময় ধারালো অস্ত্র নিয়ে একদল হামলাকারী সালাউদ্দিন ও সাইফুল্লাহ বারীর ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।
হামলায় গুরুতর আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক সাইফুল্লাহ বারীকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত সালাউদ্দিনকে প্রথমে বগুড়ায় এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকার একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
টানা ৪৮ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান। তার মৃত্যুতে ওই ঘটনার প্রাণহানির সংখ্যা বেড়ে দুইজনে দাঁড়িয়েছে।
শিবিরের নেতারা জানিয়েছেন, সালাউদ্দিনের প্রথম জানাজা ঢাকায় অনুষ্ঠিত হবে। পরে নিজ জেলা গাইবান্ধায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।
