
দৈনিক রিপোর্ট ডেস্ক:
রাজধানীর ফুটপাত ও নগর অবকাঠামো সংরক্ষণে আরও কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এর অংশ হিসেবে কলাবাগান এলাকায় একটি রেস্টুরেন্টের কারণে ফুটপাত ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনায় প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা ক্ষতিপূরণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।
ডিএসসিসি সূত্রে জানা গেছে, মিরপুর রোডের ‘নিউ রান্নাঘর রেস্টুরেন্ট’-এর সামনে নির্মিত সিটি করপোরেশনের ফুটপাত ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি প্রশাসক মো. আবদুস সালাম সরেজমিন পরিদর্শনের সময় নজরে আসে। পরে প্রকৌশল বিভাগ তদন্ত করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করে।
প্রকৌশল বিভাগের প্রতিবেদনে উল্লেখ করা হয়, রেস্টুরেন্টের কার্যক্রমের ফলে সিসি টাইলসের ফুটপাতের একটি অংশ নষ্ট হয়েছে, যা ‘সড়ক খনন নীতিমালা-২০১৯’-এর বিধানের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ফুটপাতের কারণে পথচারীদের চলাচলেও বিঘ্ন সৃষ্টি হয়েছে।
পরিমাপে দেখা যায়, ক্ষতিগ্রস্ত অংশের দৈর্ঘ্য ১৩.৭২ মিটার, প্রস্থ ৩.৬৬ মিটার, অর্থাৎ মোট ৫০.২২ বর্গমিটার এলাকা ক্ষতির মুখে পড়েছে। নির্ধারিত হিসাব অনুযায়ী মূল ক্ষতিপূরণ এবং ভ্যাট যোগ করে মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৫১ হাজার ৫৭৩ টাকা।
ডিএসসিসি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে নির্ধারিত তহবিলে ক্ষতিপূরণের অর্থ জমা দিয়ে তার প্রমাণ দাখিলের নির্দেশ দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধ না হলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এদিকে একই এলাকায় গ্রিন ল্যান্ডমার্ক টাওয়ার এবং ল্যাবএইড আইকনিক ডায়াগনস্টিক সেন্টার ভবনের সামনে ফুটপাতে নির্মিত র্যাম্প, গেটওয়ে ও প্ল্যান্টার নির্মাণের বৈধ অনুমোদন রয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট মালিকদের পাঁচ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছে।
ডিএসসিসি জানিয়েছে, ফুটপাত, সড়ক, ড্রেনসহ সব ধরনের নগর অবকাঠামো জনসাধারণের সম্পদ। এসব স্থাপনার ক্ষতি বা অবৈধ ব্যবহার রোধে ভবিষ্যতেও নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।
