
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মিরপুর কলেজের দেয়াল ধসে দুইজন নিহত ও সাতজন আহত হওয়ার মর্মান্তিক ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
ঘটনাস্থলে পৌঁছে তিনি দুর্ঘটনাস্থলের সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন এবং উদ্ধারকাজের অগ্রগতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে খোঁজখবর নেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত উদ্ধার কার্যক্রম সম্পন্ন এবং পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।
ডিএনসিসি সূত্র জানায়, দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা এবং ঘটনার কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।
এর আগে মিরপুর কলেজের একটি দেয়াল ধসে দুইজন নিহত ও সাতজন আহত হন। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী সংস্থা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে।
