
দৈনিক রিপোর্ট ডেস্ক:
রাজধানীর বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪২৮ জনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মহানগরজুড়ে এ অভিযান পরিচালিত হয়।
ডিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে রমনা বিভাগ থেকে ২৮ জন, লালবাগ বিভাগে ৩৩ জন, ওয়ারী বিভাগে ৮৬ জন, মতিঝিল বিভাগে ৬৫ জন, তেজগাঁও বিভাগে ৪৫ জন, মিরপুর বিভাগে ৭০ জন, গুলশান বিভাগে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ৬২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে আটক ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও অন্যান্য আলামত জব্দ করা হয়। উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে রয়েছে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০টি ইয়াবা ট্যাবলেট, ৩৫৩ বোতল ফেনসিডিল এবং ৩ গ্রাম হেরোইন।
এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী ৮টি মোবাইল ফোন, একটি ক্যাপ, একটি ব্যাগ, র্যাব লেখা একটি পরিচয়পত্র, তিনটি ওয়াকিটকি, ইয়াবা সেবনে ব্যবহৃত একটি পাইপ, একটি ফয়েল পেপার, একটি কালো মাটির কলকি, একটি ধারালো লোহার কাটার, এক টুকরা কাঠ এবং একটি গাড়িও জব্দ করেছে।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে।
