গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারের নতুন চার সদস্যের জন্ম হয়েছে। মায়ের সঙ্গে খুনসুটি আর পার্কের অন্য প্রাণীদের সঙ্গে ছোটাছুটি করেই সময় কাটছে শাবকগুলোর। নতুন অতিথিদের দেখতে পেয়ে আনন্দিত পার্কে আসা দর্শনার্থীরা, বিশেষ করে শিশুরা।
পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক মাসের মধ্যে পার্কের কোর সাফারির হরিণ সাফারি এলাকায় শাবক চারটির জন্ম হয়েছে। বর্তমানে শাবকগুলো সুস্থ রয়েছে এবং নিয়মিত মায়ের দুধ পান করছে। তবে এখনো তাদের লিঙ্গ শনাক্ত করা সম্ভব হয়নি।
নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে জন্মের পরপরই শাবকগুলোর খবর প্রকাশ করা হয়নি। বর্তমানে তাদের জন্য বিশেষ পরিচর্যা ও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
পার্কের বন্যপ্রাণী পরিদর্শক মো. রাজু আহমেদ জানান, প্রায় এক মাস আগে কোর সাফারির হরিণ সাফারি এলাকায় মায়ের সঙ্গে শাবকগুলোকে প্রথম দেখতে পান কর্মীরা। শাবকগুলোর নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে তখন বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়নি।
তিনি বলেন, চারটি শাবকই সুস্থ আছে। মায়ের সঙ্গে খুনসুটি করার পাশাপাশি অন্য প্রাণীদের সঙ্গে ঘুরে বেড়ানো ও ছোটাছুটি করছে তারা।
সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. তারেক রহমান জানান, প্রথমে পার্কের কর্মীরা নীলগাইয়ের শাবক দেখতে পান। পরে মোট চারটি শাবকের জন্মের বিষয়টি নিশ্চিত হন তারা।
তিনি আরও জানান, অনেক সময় চারটি শাবককে একসঙ্গে খুনসুটি করতে দেখা যায়। নতুন শাবকদের আগমনে পার্কে দর্শনার্থীদের আনন্দ বেড়েছে। বিশেষ করে শিশুরা ছোট ছোট নীলগাইয়ের শাবক দেখে বেশ আনন্দ পাচ্ছে। সদ্য জন্ম নেওয়া চারটি শাবকসহ বর্তমানে পার্কে নীলগাইয়ের সংখ্যা ১৩টি।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা অঞ্চলের বিভাগীয় বন কর্মকর্তা (চলতি দায়িত্ব) এম কে এম ইকবাল হোছাইন চৌধুরী জানান, শাবকগুলোর নিরাপত্তা ও পরিচর্যা নিশ্চিত করতে পার্ক কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি ও তদারকি অব্যাহত রাখতে বলা হয়েছে।

