তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ডের প্রথম সভা আজ বুধবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে। বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের গঠিত নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজ এক চিঠিতে এ তথ্য জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুযায়ী গার্মেন্টস শিল্পে নিয়োজিত সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার সুপারিশ করার লক্ষ্যে এ সভা আহ্বান করা হয়েছে।
সভায় প্রাথমিকভাবে আলোচ্যসূচি, উপস্থিত সদস্যদের পরিচিতি, তৈরি পোশাকশিল্পের শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি হার সুপারিশ প্রণয়ন এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হবে।
আগে সভাটি বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে সময় পরিবর্তন করে বেলা ১১টা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ১ নভেম্বর তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণের জন্য ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার।
বিচারপতি আশফাকুর রহমানকে বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। নিরপেক্ষ সদস্য হিসেবে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মুসলিউদ্দিন আহমেদ।
মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে সদস্য করা হয়েছে।
এ ছাড়া তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বোর্ডে রয়েছেন।
দেশের তৈরি পোশাকশিল্পে সাম্প্রতিক শ্রমিক অসন্তোষ ও বেতন-ভাতা নিয়ে অস্থিরতার মধ্যে নতুন মজুরি নির্ধারণের উদ্যোগটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। এই বোর্ডের সুপারিশের ভিত্তিতেই শ্রমিকদের নিম্নতম মজুরি নির্ধারণের পরবর্তী প্রক্রিয়া এগিয়ে যাবে।

